শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬

মঠবাড়িয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন দুলাল

হোম » পিরোজপুর » মঠবাড়িয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন দুলাল
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬


 

ঠবাড়িয়ায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন দুলাল

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর 

পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি সেচ সংকট নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাব্যতা হারানো একটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।

শনিবার (১৮ এপ্রিল) মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বহেরাতলা বাজার থেকে আলগী বাজার পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ প্রকল্পটি শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি, সাবেক সভাপতি কে.এম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর বাদল সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং মঠবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুজ্জামান আবীরসহ প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, ‘বিগত সরকারের সময় খালের জন্য বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো কাজ হয়নি। বর্তমান সরকার যথাযথভাবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করবে।’ তিনি আরও বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। পানি সমস্যার সমাধান করা গেলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। এ সময় তিনি কৃষকদের সমস্যা সমাধানে প্রশাসনকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৪৪ ● ২৯ বার পঠিত