বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় ফের মৃত ডলফিন, উপকূলীয় পরিবেশ নিয়ে বাড়ছে শঙ্কা
হোম » কুয়াকাটা » কুয়াকাটায় ফের মৃত ডলফিন, উপকূলীয় পরিবেশ নিয়ে বাড়ছে শঙ্কা

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
উপকূলীয় পরিবেশে অস্বাভাবিকতার আশঙ্কা বাড়িয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানির সঙ্গে ডলফিনটি তীরে উঠে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, যা অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত দেয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপরা’র সদস্য আব্দুল জলিল প্রথম ডলফিনটি দেখতে পেয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ইরাবতী প্রজাতির ডলফিন। গোলাকার মাথা ও ছোট ঠোঁটবিশিষ্ট এ প্রজাতির ডলফিন সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীতে বিচরণ করে। বিপন্ন এ প্রজাতি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘এ ধরনের ঘটনা স্পষ্ট অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির বার্তা দেয়। দ্রুত কারণ উদ্ঘাটন করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।’
উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘বারবার মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসা সামুদ্রিক পরিবেশের জন্য বড় হুমকির ইঙ্গিত। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল এর পেছনে ভূমিকা রাখতে পারে।’
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার এবং স্থানীয়দের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটি চাপা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৫ ● ১২৪ বার পঠিত
