পিরোজপুরে বৃত্তি পরীক্ষায় বসছে ৪ হাজার ৮৮২ শিক্ষার্থী

হোম পেজ » শিক্ষা » পিরোজপুরে বৃত্তি পরীক্ষায় বসছে ৪ হাজার ৮৮২ শিক্ষার্থী
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

পিরোজপুরে বৃত্তি পরীক্ষায় বসছে ৪ হাজার ৮৮২ শিক্ষার্থী

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর 

পিরোজপুরের ৭টি উপজেলায় ৪ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার ৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৬৫ জন শিক্ষার্থী করিমুননেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। কাউখালী উপজেলায় ৬৭টি বিদ্যালয়ের ৩১৪ জন শিক্ষার্থী সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং নাজিরপুর উপজেলায় ১৮২টি বিদ্যালয়ের ৮৫৮ জন শিক্ষার্থী নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নেবে।

 

ভাণ্ডারিয়া উপজেলায় ১৬৪টি বিদ্যালয়ের ৫৯৮ জন শিক্ষার্থী ভাণ্ডারিয়া বিহারি লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, মঠবাড়িয়া উপজেলায় ২০৬টি বিদ্যালয়ের ১ হাজার ৬৯ জন শিক্ষার্থী খাস মহল লতিফ ইনস্টিটিউশন ও মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, জিয়ানগর উপজেলায় ৬৯টি বিদ্যালয়ের ২৯১ জন শিক্ষার্থী ইন্দুরকানি এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং নেছারাবাদ উপজেলায় ১৬৯টি বিদ্যালয়ের ৯৮৭ জন শিক্ষার্থী সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

 

এদিকে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী মেহজাবিন বলেন, ‘পরীক্ষা সময়মতো না হওয়ায় আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারিনি। বৃত্তি পরীক্ষা অনিশ্চিত থাকায় পঞ্চম শ্রেণির পড়া শেষ করে ষষ্ঠ শ্রেণির বই পড়া শুরু করেছিলাম। তাই প্রস্তুতিতে কিছুটা ঘাটতি হয়েছে। তবে আমি ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার আশা রাখছি।’

 

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, ‘সমাপনী পরীক্ষা বন্ধ হওয়ার পর ২০২২ সালে বৃত্তি পরীক্ষা চালু হলেও ২০২৩ ও ২০২৪ সালে তা হয়নি। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। কিন্তু পরবর্তীতে দীর্ঘ বিরতির কারণে প্রস্তুতিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সরকারকে এ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই। আমাদের বিদ্যালয় থেকে ২৮ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে, এর মধ্যে ট্যালেন্টপুলসহ ১০ জনের বেশি শিক্ষার্থী বৃত্তি পাওয়ার আশা করছি।’

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৯ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ