কলাপাড়ায় অটোচালককে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অটোচালককে পিটিয়ে আহত, থানায় অভিযোগ
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় অটোচালককে পিটিয়ে আহত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ায় অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর মৃধাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মো. শাহআলম রাড়িসহ ৩/৪ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে শামিম মৃধা (৩৫) কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

লিখিত অভিযোগে বলা হয়েছে, একটি বেওয়ারিশ কুকুর শাহআলম রাড়ির পালিত ছাগলকে কামড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়।

 

অভিযোগে আরও জানা যায়, ঘটনার দিন জাহাঙ্গীর মৃধা দৌলতপুর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে পাখিমারা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে অভিযুক্তরা যাত্রী সেজে তার অটোরিকশা থামায়। তিনি থামালে তারা গাড়ির ভেতরে ঢুকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে তাকে আহত করে।

 

এক পর্যায়ে শাহআলম রাড়ি রাস্তা থেকে ইট তুলে তার মাথায় আঘাত করলে ডান চোখের ভ্রুর ওপর গুরুতর কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এতে তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

 

পরে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে আরও কয়েকজন বুকে ও পাঁজরে লাথি মেরে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তার পকেটে থাকা ১০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে কলাপাড়া থানার পরিদর্শক (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৬:৪৩:১৮ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ