বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬
পটুয়াখালীর গলাচিপায় পেট্রোল পেতে গাড়ির কাগজ যাচাই, দীর্ঘ লাইন
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীর গলাচিপায় পেট্রোল পেতে গাড়ির কাগজ যাচাই, দীর্ঘ লাইন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপায় পেট্রোল সংকটের প্রেক্ষিতে গাড়ির কাগজ যাচাই করে তেল সরবরাহ করা হচ্ছে। বুধবার বিকেল থেকে রিপোর্ট লেখা পর্যন্ত গলাচিপার মেসার্স রামনাবাদ এন্টারপ্রাইজের সামনে অন্তত ৫০০ মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন।
পাম্পটির স্বত্বাধিকারী কাওসার নাঈম জানান, আগের দিনের তুলনায় কম তেল পাওয়া গেছে। বুধবার মাত্র ১,৬০০ লিটার তেল সরবরাহ পাওয়া গেছে, যেখানে দৈনিক চাহিদা ৫০০–৬০০ লিটার। অন্য ডিলারদের কাছেও তেল না পাওয়ায় তার পাম্পে চাপ বেড়েছে। তিনি বলেন, ‘আজ যে পরিমাণ তেল পেয়েছি, তা আজই শেষ হয়ে যাবে।’ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে রাসেল স্টোরের মাধ্যমে তাদের কাছে তেল সরবরাহ করা হয় বলেও জানান তিনি।
এদিকে, গলাচিপায় নিজস্ব পেট্রোল পাম্প না থাকায় সংকট আরও তীব্র হয়েছে বলে স্থানীয়রা জানান। সামনে দুই দিন সরবরাহ বন্ধ থাকার আশঙ্কায় গ্রাহকদের ভিড় বেড়েছে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, তেলের কোনো বড় ধরনের সংকট নেই, দু-এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে সন্ধ্যার দিকে মোটরসাইকেল চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৮ ● ১৮ বার পঠিত
