বুধবার ● ১৮ মার্চ ২০২৬
কলাপাড়ার উন্নয়নে সব দলের সহযোগিতা চাইলেন এমপি মোশাররফ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ার উন্নয়নে সব দলের সহযোগিতা চাইলেন এমপি মোশাররফ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকল দল-মতের মানুষের সহযোগিতা চেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, ভোটের কালি শুকানোর আগেই বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু ও খাল খনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু, মাদক ও সমসাময়িক বিষয় এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি প্রণোদনা বিতরণ উপলক্ষে ধর্মীয় ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদের সভাপতিত্বে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খানের সঞ্চালনায় সভায় এমপি মোশাররফ আরও বলেন, কলাপাড়াকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে তিনি বদ্ধপরিকর। ইতোমধ্যে সাতটি মসজিদ ও দুটি মন্দিরে সরকারি অনুদান দেওয়া হয়েছে। ঈদের পর ছয়টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ শুরু হবে এবং আরও ৩৫টি রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে দরপত্র আহ্বান করা হবে। পাশাপাশি মাধ্যমিক স্তরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন বরাদ্দ হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম, জামায়াতের সম্পাদক মাওলানা মোরশেদুল আলম এবং প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ১৪টি মসজিদ, ২টি মন্দির, একটি গির্জা ও একটি বৌদ্ধবিহারের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে সরকারি প্রণোদনা তুলে দেওয়া হয়। এছাড়া ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ জনকে ৬ হাজার টাকা করে চেক এবং ৩৫০ জনকে মোট ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। আগুনে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও শুকনো খাবার এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩:২২:০৪ ● ২৭ বার পঠিত
