
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে বয়সের তথ্য পরিবর্তন করে মোঃ জাফর নামে এক ব্যক্তির গ্রাম পুলিশ পদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা ও জেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এক বঞ্চিত চাকরিপ্রার্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হেলেঞ্চাবাড়িয়া গ্রামের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন মোঃ জাফর। অভিযোগকারী নোমান হোসেনের দাবি, ২০১৪ সালে নিয়োগের সময় জাফরের বয়স নির্ধারিত বয়সসীমার চেয়ে প্রায় ছয় বছর বেশি ছিল।
নথিপত্র পর্যালোচনার দাবি করে অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সময় জাফরের জন্মতারিখ ছিল ২৭ মে ১৯৭৮। ওই সময় তাঁর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ ছিল পঞ্চম শ্রেণি। পরবর্তী সময়ে ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনের আবেদন করেন। এতে নাম ও শিক্ষাগত যোগ্যতা অপরিবর্তিত রেখে জন্মতারিখ পরিবর্তন করে ৪ মে ১৯৮৪ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, জাফরের ছোট ভাই মোঃ মাইনুদ্দিনের এনআইডিতে জন্মতারিখ ১ মার্চ ১৯৮২ রয়েছে। তাঁর তথ্য অপরিবর্তিত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
নোমান হোসেনের অভিযোগ, বয়সের তথ্য পরিবর্তনের মাধ্যমে সরকারি নীতিমালা অমান্য করে জাফর গ্রাম পুলিশ পদে নিয়োগ পেয়েছেন। এতে যোগ্য ও নির্ধারিত বয়সের প্রার্থী হিসেবে তিনি নিজে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি তদন্ত করে জাফরের নিয়োগের বৈধতা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি উপজেলা ও জেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেছেন।
নোমান হোসেন বলেন, ‘জাফর ভাই বয়সের তথ্য গোপন ও এনআইডির তথ্য পরিবর্তন করে অবৈধভাবে চাকরিটি নিয়েছেন। যোগ্য ও সঠিক বয়সের প্রার্থী হয়েও আমি চাকরি থেকে বঞ্চিত হয়েছি। প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানিয়েও কোনো বিচার পাইনি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টি চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
অভিযোগের বিষয়ে মোঃ জাফর বলেন, ‘আমি চাকরি করছি, বেতন-ভাতা ঠিকমতো তুলছি। আমাদের পরিবারের সবার বয়স পরিবর্তন করে কাগজপত্র জমা দেওয়া আছে। এ ছাড়া আমার কিছু বলার নেই।’
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। পুরো বিষয়টি খতিয়ে দেখে খুব শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’