শনিবার ● ১৪ মার্চ ২০২৬
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রী শরীফুল আলম: দ্রুত বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে
হোম পেজ » পিরোজপুর » ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রী শরীফুল আলম: দ্রুত বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, খুব অল্প সময়ের মধ্যে দেশের বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি পাট ও পাটবীজের উৎপাদন বাড়ানো এবং পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে এ খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। একসময় এই সোনালি আঁশের মাধ্যমেই বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছিল। কিন্তু নানা কারণে পাট খাত অনেকটা পিছিয়ে গেছে। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করে এ খাতে বৈচিত্র্য আনা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কাজ করছে।
তিনি আরও বলেন, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাট ও চটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে এবং বিভিন্ন সরকারি দপ্তরে পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় যেসব ক্ষেত্রে পাট ও চটের ব্যবহার সম্ভব, সেসব ক্ষেত্রেও তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরএইচএম/এমআর
বাংলাদেশ সময়: ২২:৪৩:৩০ ● ২৯ বার পঠিত
