শনিবার ● ১৪ মার্চ ২০২৬
মোংলায় মহিলা দলনেত্রীর বাড়িতে বিদেশী মদ উদ্ধার, স্বামী আটক
হোম পেজ » খুলনা » মোংলায় মহিলা দলনেত্রীর বাড়িতে বিদেশী মদ উদ্ধার, স্বামী আটক
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখার সহসভাপতি তানিয়া বিশ্বাস লিথি এর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় তার স্বামী মাদক কারবারি অভিজিৎ পাড়ই শান্ত আটক করে শনিবার (১৪ মার্চ) জেলহাতে পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, বাগেরহাটের মোংলা চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এসময় ঐ বসত ঘর থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারিমাদক কারবারি অভিজিৎ পাড়ই শান্ত মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ই এর পুত্র ।
এলাকাবাসী আরো জানায়, আটক মাদক কারবারি অভিজিৎ পাড়ই শান্ত মোংলা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি তানিয়া বিশ্বাস লিথির স্বামী। তানিয়া বিশ্বাস লিথির উপস্থিতিতেই তার বসত ঘর থেকে কোস্টগার্ড এই বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করে। অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লিথির স্বামী শান্ত পাড়ই দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে আটক হয়।
এ বিষয়ে জানতে চাইলে তানিয়া বিশ্বাস লিথি বলেন তার বসত ঘর থেকে মাদক উদ্ধারের ঘটনা স্বীকার করে। তিনি আরো বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির সদস্য। বিপুল পরিমাণ বিদেশী মদ তাদের নয়, এই মদের মালিক তার স্বামীর পরিচিত এক ব্যাক্তির কিন্তুু ঐ ব্যাক্তির নাম কৌশলে এড়িয়ে যান । তারা শুধু তাদের ঘরে এগুলো রাখতে দিয়েছিল বলে জানায় তিনি।
মোংলা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, অপরাধী কোন দলের না। আর মাদকের সাথে জড়িত থাকলে আইন সবার জন্য সমান তাতে দলের যত বড়ই নেত্রী হোক না কেন? মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল বিদেশী মদ সহ অভিজিৎ পাড়ই শান্তকে আটক করা হয়েছে।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৫:১২:৫৬ ● ২৪ বার পঠিত
