শনিবার ● ১৪ মার্চ ২০২৬
গলাচিপায় চর বিশ্বাস-কপালবেড়া সেতু যেন মরণফাঁদ!
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় চর বিশ্বাস-কপালবেড়া সেতু যেন মরণফাঁদ!
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ও চর কপালবেড়া সংযোগ খালের ওপর নির্মিত লোহার সেতুটি দীর্ঘদিন সংস্কারহীন পড়ে থাকায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ভাঙাচোরা সেতু দিয়েই চলাচল করছেন হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং পণ্যবাহী যানবাহন।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে সেতুটি দুই দফা সংস্কার করা হলেও নিম্নমানের কাজ ও অনিয়মের কারণে তা টেকসই হয়নি। লোহার কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয়ভাবে কাঠ বসিয়ে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। তবে বর্তমানে কাঠের অংশগুলোও পচে গিয়ে ভেঙে পড়ার উপক্রম হওয়ায় সেতুটি আবারও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর বিভিন্ন স্থানে কাঠ পচে গেছে এবং লোহার বিমগুলো মরিচা ধরে ক্ষয়ে গেছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত নতুন সেতু নির্মাণ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে অসুস্থ রোগী ও শিশুদের নিয়ে পারাপার এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এদিকে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত টেকসই সেতু নির্মাণের দাবিতে সোচ্চার হয়েছেন ছাত্র অধিকার পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. কামরান হোসেন। তিনি বলেন, চর বিশ্বাস ও চর কপালবেড়া এলাকার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই সেতুটি। বর্তমানে এটি এতটাই নড়বড়ে যে প্রতিদিন আতঙ্ক নিয়ে মানুষ পারাপার করছে। বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করে দ্রুত একটি স্থায়ী ও মানসম্মত সেতু নির্মাণ করা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, আর কোনো লোকদেখানো মেরামত নয়-দ্রুত নতুন সেতু নির্মাণ করে জনপদের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
এসডি/এমআর
বাংলাদেশ সময়: ১৪:০৫:৪৫ ● ২১ বার পঠিত
