শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬

কুয়াকাটায় রাতের আঁধারে দুই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় রাতের আঁধারে দুই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ
শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬


কুয়াকাটায় রাতের আঁধারে দুই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমিতে লাগানো দুই শতাধিক গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহিপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত সুইট ড্রিম ম্যানেজমেন্ট লিমিটেডের জমিতে গাছগুলো কাটা অবস্থায় দেখা যায়। প্রতিষ্ঠানটি কুয়াকাটায় পর্যটন ও উন্নয়নমূলক কার্যক্রমে বিনিয়োগের অংশ হিসেবে ওই জমিতে পাম, বাবলা ও বার্মিজ সুপারি গাছের বাগান তৈরি করেছিল।
প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার জয়নুল আবেদীন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে তারা দেখতে পান মহিপুর থানাধীন কুয়াকাটা এলাকার দাগ নং ১২৩২/১৬০৬ ও খতিয়ান নং ১৯৪৯ এর জমিতে লাগানো পাম, বাবলা ও বার্মিজ সুপারি গাছসহ অন্তত ২০০টি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলে। ঘটনার পর বিষয়টি আইনগতভাবে নথিভুক্ত করতে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কেএম বাচ্চু বলেন, কুয়াকাটার মতো উপকূলীয় এলাকায় গাছ কেটে ফেলা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উপকূলের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা রাতের আঁধারে এভাবে গাছ কেটে পরিবেশ ধ্বংসের চেষ্টা করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
কুয়াকাটা টোয়াকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম বলেন, কুয়াকাটার মতো পর্যটন এলাকায় এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। পর্যটন শিল্পের উন্নয়নে বিনিয়োগকারীরা কাজ করছেন, কিন্তু তাদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত না হলে ভবিষ্যতে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৫:২১:২৪ ● ৩১ বার পঠিত