বুধবার ● ১১ মার্চ ২০২৬

গলাচিপায় ছাত্রনেতার মৃত্যুর ঘটনায় প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় ছাত্রনেতার মৃত্যুর ঘটনায় প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি
বুধবার ● ১১ মার্চ ২০২৬


 

গলাচিপায় ছাত্রনেতার মৃত্যুর ঘটনায় প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসকের অবহেলায় রাঙ্গাবালী উপজেলার উদীয়মান ছাত্রদল নেতা নিবিড় মাহমুদের মৃত্যুর অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের কাছে স্মারকলিপি দিয়েছেন উপজেলা ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলের নেতারা।

 

বুধবার (১১ মার্চ) বেলা ১টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের অনুপস্থিতিতে মেডিকেল অফিসার ডা. মো. নূর উদ্দিনের মাধ্যমে প্রতিমন্ত্রীর কাছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, ছাত্রদল নেতা জাফর আল নোমান, আহসান ইমরান ও নিশাদ আহমেদসহ অন্যরা।

 

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ছয়টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—তিন কার্যদিবসের মধ্যে অভিজ্ঞ ও নিরপেক্ষ চিকিৎসকদের সমন্বয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ, চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এলাকার সব হাসপাতাল ও ক্লিনিকে নিয়মিত মনিটরিং ও ঝটিকা অভিযান পরিচালনা, নিহতের শোকসন্তপ্ত পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা এবং সম্প্রতি হাসপাতালে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৯ মার্চ জ্বর ও ডায়রিয়া নিয়ে রাঙ্গাবালী উপজেলার ছাত্রদল নেতা নিবিড় মাহমুদ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ সময় চিকিৎসকের চরম অবহেলার কারণে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাহীনতা সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন জানান, পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফকে সভাপতি, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. শেখ শহিদুল ইসলামকে সদস্য এবং সহকারী সার্জন ডা. গোলাম মোস্তাহিদ তাসরিফকে সদস্যসচিব করে এ কমিটি করা হয়েছে। তারা চার কর্মদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জেলা সিভিল সার্জনের কাছে জমা দেবেন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২২:২৭:৫২ ● ২৬ বার পঠিত