মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬
চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয়- পরিবারই উন্নয়নের মূল একক’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠ থেকে ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রায় ৯০০ পরিবারের প্রক্সি মিনস টেস্ট (দারিদ্র্য সূচক) নির্ণয় করে তাদের হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত- এই পাঁচ শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।
ওয়ার্ড কমিটি সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, ব্যবহৃত আসবাব ও গৃহস্থালি সামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ইত্যাদি) এবং রেমিট্যান্স প্রবাহসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে ইউনিয়ন কমিটি এসব তথ্য যাচাই-বাছাই করে।
সকল তথ্য বিশ্লেষণ করে একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ (ডাবল ডিপিং), সরকারি চাকরি ও পেনশন প্রাপ্তি বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে ৪৮৬টি পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ে ২৩৩টি নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৪:৩০:২৯ ● ১০৯ বার পঠিত
