মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬

সাগরকন্যা ফেসবুক পেইজে ভিডিও প্রকাশ গলাচিপার চৌকি আদালতের প্রসেস সার্ভার প্রত্যাহার

হোম পেজ » লিড নিউজ » সাগরকন্যা ফেসবুক পেইজে ভিডিও প্রকাশ গলাচিপার চৌকি আদালতের প্রসেস সার্ভার প্রত্যাহার
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 

সাগরকন্যা ফেসবুক পেইজে ভিডিও প্রকাশ: গলাচিপার চৌকি আদালতের প্রসেস সার্ভার প্রত্যাহার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের এক প্রসেস সার্ভারের বিরুদ্ধে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে ভিডিও প্রকাশের পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সফিউল আলম নামের ওই প্রসেস সার্ভারের টাকা নেওয়ার একটি ভিডিও সোমবার (১৬ ফেব্রুয়ারি) ‘সাগরকন্যা ফেসবুক পেইজ’-এ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, একটি চুরির মামলার বাদীর কাছ থেকে সাক্ষীর স্বাক্ষর দেওয়ার জন্য ৬০০ টাকা দাবি করা হয়। ভুক্তভোগী ২০০ টাকা দিতে চাইলে অভিযুক্ত দরকষাকষি করেন এবং একপর্যায়ে ২০০ টাকা গ্রহণ করেন। ঘটনাটি প্রকাশের পর এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

 

ভিডিওতে ভুক্তভোগী মুক্তা বেগম বলেন, ২০২২ সালের একটি চুরির মামলায় সাক্ষী নিয়ে তিনি আদালতে যান। সাক্ষ্যগ্রহণ শেষে পেশকার কক্ষে স্বাক্ষর দিতে গেলে তার কাছে ৬০০ টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই ব্যক্তি ২০০ টাকা পেয়েও আরও টাকা দাবি করেন। ভুক্তভোগী বলেন, আদালতে স্বাক্ষর দিতে কোনো টাকা লাগে- এটা তার জানা ছিল না। আদালত সরকারি প্রতিষ্ঠান হলেও বাস্তবে টাকা ছাড়া কাজ করতে চায় না পেশকার কক্ষের লোকজন।

 

এ ঘটনায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী মো. মামুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে অভিযুক্তকে বর্তমান কর্মস্থল থেকে ক্লোজ করা হয়। পরে জনস্বার্থ ও প্রশাসনিক কারণে তাকে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেজারত শাখায় বদলি করা হয়েছে বলে জানা গেছে।

 

আদালত সূত্র জানায়, ভিডিওটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং অভিযুক্তকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত (সাসপেন্ড) করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও আবু সালেহ সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৫৮ ● ২৭ বার পঠিত