শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
পটুয়াখালী-৪ আসন বিজয় মিছিল নয়, দোয়া মিলাদে কৃতজ্ঞতা জানালেন নবনির্বাচিত এমপি মোশাররফ
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৪ আসন বিজয় মিছিল নয়, দোয়া মিলাদে কৃতজ্ঞতা জানালেন নবনির্বাচিত এমপি মোশাররফ![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বিপুল ভোটে বিজয়ের পর কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণে কোনো বিজয় মিছিল না করে দোয়া মিলাদ আয়োজন করেছে কলাপাড়া উপজেলা বিএনপি। শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এ মিলাদে দলীয় নেতাকর্মীরা প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের কল্যাণে দোয়া প্রার্থনা করেন।
দোয়া পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ শেষে এবিএম মোশাররফ হোসেন বলেন, এ জয় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার সর্বস্তরের মানুষের। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আল্লাহর রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই আসনের উন্নয়নে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই।
তিনি সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে জনগণের প্রত্যাশা পূরণে তিনি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩৮ ● ৩২ বার পঠিত
