বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬
শতবর্ষী ভোটারদের উচ্ছ্বাসে আমতলীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
হোম পেজ » বরগুনা » শতবর্ষী ভোটারদের উচ্ছ্বাসে আমতলীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনা-১ আসনে আমতলী উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শতবর্ষীসহ প্রবীণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আমতলী টেকনিক্যাল সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা প্রায় শতবর্ষী ইউসুফ গাজী বলেন, এখন মরে গেলেও কষ্ট নাই। অনেক বছর পর ভোট দিলাম। শরীরে বল নাই, তবুও লাঠি ভর দিয়ে ভোট দিতে এসেছি। স্যারেরা অনেক সহযোগিতা করেছে। কোনো ঝামেলা হয়নি। আমার ভোট আমি দিয়েছি।
একইভাবে কুকুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতবর্ষী রাবেক সরদার বলেন, লাঠি ভর দিয়ে ভোট দিতে এসেছি। অনেক বছর ভোট দিতে পারিনি। এবার ভোট দিতে পেরে ভালো লাগছে। এখন আল্লাহ যা করেন।
শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর পেয়ে ৭৫ বছর বয়সী তোমেজ উদ্দিন ভাতিজার কাঁধে ভর দিয়ে কেন্দ্রে এসে ভোট দেন। ভোট দিয়ে তিনি বলেন, এমন ভোট অনেক বছর হয়নি। আমি নিজেই ভোট দিয়েছি।
দক্ষিণ কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শতবর্ষী আব্দুর রশিদ জানান, লাঠি নিয়ে একাই ভোট দিতে এসেছেন এবং নিজের পছন্দের প্রতীকে ভোট দিয়েছেন। ৮০ বছর বয়সী আবু বকর তালুকদার নাতির সঙ্গে এসে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন।
আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিজাইডিং অফিসার মো. রাজিব সিকদার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুইজন বৃদ্ধ লাঠি ভর দিয়ে ভোট দিতে এলে তাদের অগ্রাধিকার দিয়ে ভোটগ্রহণ শেষে বাড়ি পাঠানো হয়েছে।
কুকুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার শোভর সাহা জানান, প্রবীণ ভোটারদের অগ্রাধিকার ভিত্তিতে ভোটগ্রহণ করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৯:৪০:০০ ● ৩২ বার পঠিত
