সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
দুমকিতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ধোপার হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে সালমা বেগমসহ কয়েকজন পথচারী নারী কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ খবর পেয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম ঘটনাস্থলে যান। এ সময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও সেখানে উপস্থিত হয়ে আলামতের ছবি সংগ্রহ করেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ওসি মো. সেলিম জানান, কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে করতে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এমআর
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৫৪ ● ৩৫ বার পঠিত
