সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
ধানের শীষের বিজয়ে নারীর স্বাবলম্বিতার প্রতিশ্রুতি: পাথরঘাটায় নূরুল ইসলাম মণি
হোম » বরগুনা » ধানের শীষের বিজয়ে নারীর স্বাবলম্বিতার প্রতিশ্রুতি: পাথরঘাটায় নূরুল ইসলাম মণি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
পাথরঘাটায় নিজ জন্মভূমিতে অনুষ্ঠিত মহাসমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেছেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশে নারীদের সম্মান ও স্বাবলম্বিতা নিশ্চিত করা, তরুণদের বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন রোধ এবং জেলে-কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। রবিবার শেষ বিকেলে পাথরঘাটার কেএম হাই স্কুল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাথরঘাটা-বামনা-বেতাগী তার জন্মভূমি এবং তিনি এই মাটির সন্তান। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পাথরঘাটার মানুষ সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন, যা স্থানীয় রাজনৈতিক ইতিহাসে বিরল বলে তিনি উল্লেখ করেন।
নারীদের উদ্দেশে তিনি বলেন, নারীদের সম্মান ও স্বাবলম্বিতা নিশ্চিত করা বিএনপির অগ্রাধিকার। পাশাপাশি তরুণদের বেকারত্ব দূরীকরণ, জেলে ও কৃষকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।
এ সময় তিনি পাথরঘাটা-বামনা-বেতাগী অঞ্চলে ডিপ সি পোর্ট, পর্যটন কেন্দ্র ও ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যাতে স্থানীয় মানুষ নিজ এলাকাতেই সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন।
নূরুল ইসলাম মণি বলেন, সুখে-দুঃখে, লড়াই-সংগ্রামে তিনি এলাকাবাসীর পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। কথায় নয়, কাজে প্রমাণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই তার লক্ষ্য।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১২:১৬:২৩ ● ৯৩ বার পঠিত
