রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬
পটুয়াখালী-৩ আসন বিজয় উদযাপনের প্রস্তুতি নিন: দশমিনায় ভিপি নুর
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসন বিজয় উদযাপনের প্রস্তুতি নিন: দশমিনায় ভিপি নুর

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান তাকে জিজ্ঞেস করেছিলেন- ট্রাক প্রতীক নিয়ে তিনি বিজয়ী হতে পারবেন কি না। জবাবে তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে অন্য কাউকে ধানের শীষ প্রতীক না দেওয়া হলে জনগণ দলমত নির্বিশেষে তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। সেদিন যে আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছিলাম, আপনারা সেই মর্যাদা রাখবেন।
ভোটারদের উদ্দেশে ভিপি নুর বলেন, সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং বিজয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরবেন।
দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশারের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন সাবেক শিক্ষামন্ত্রী আব্দুল বাতেন তালুকদারের ছেলে আফজালুর বাতেন, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান এবং দশমিনা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৩ ● ৯২ বার পঠিত
