রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালী-৩: বহিষ্কার মেনেই নির্বাচনে অটল, বিজয়ের শপথ হাসান মামুনের

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩: বহিষ্কার মেনেই নির্বাচনে অটল, বিজয়ের শপথ হাসান মামুনের
রবিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৩: বহিষ্কার মেনেই নির্বাচনে অটল, বিজয়ের শপথ হাসান মামুনের

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেছেন, দীর্ঘ ৪৬ বছর ধরে এ এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংসদ সদস্য ছিল না। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা দলকে ধ্বংসস্তূপের মুখে দাঁড় করিয়েছিল। সেখান থেকে গলাচিপা উপজেলা বিএনপির দুই বীর মুক্তিযোদ্ধাকে সামনে রেখে নেতৃত্ব পুনর্গঠন করা হয় এবং দলকে একটি কার্যকর সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু সাম্প্রতিক মনোনয়ন প্রক্রিয়ায় গণবিচ্ছিন্ন ও অজনপ্রিয় এক জোটনেতাকে মনোনয়ন দেওয়ায় তিনি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

নির্বাচনী শেষ জনসভায় তিনি বলেন, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং হাজারো নেতাকর্মী পদবঞ্চিত হয়েছেন। তবুও ত্যাগের বিনিময়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয় অর্জনের শপথ নিয়েছেন তারা। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র, হয়রানি ও অপপ্রচার চলছে। তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে ভোটারদের সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান হাসান মামুন।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র; ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান। উন্নয়ন পরিকল্পনা নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ফেরিঘাট ও অবকাঠামো উন্নয়নসহ জনস্বার্থবিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না বলে আশ্বাস দেন। সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি।

রবিবার বিকাল ৫টায় গলাচিপা উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ‘ঘোড়া’ প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. শাহিন ও আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ অন্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:০০:৫১ ● ৮৩ বার পঠিত