বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫

বরগুনায় মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

হোম পেজ » বরগুনা » বরগুনায় মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা
বুধবার ● ১০ ডিসেম্বর ২০২৫


বরগুনায় মধ্যে রাতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদন, বরগুনা
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরগুনার বেতাগী উপজেলা শাখার নতুন কমিটি গভীর রাতে ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার পর জেলা ছাত্রলীগের প্যাডে প্রচারিত কমিটি ঘোষণার বিজ্ঞপ্তিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমিটি ভাইরাল করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন সোহেল আমিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন শিফাত সিকদার।
বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর নিষিদ্ধ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক আইডিতে অভিনন্দন বার্তা দিতে শুরু করেন। জেলা ছাত্রলীগের প্যাডে প্রচারিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতাগী উপজেলা ছাত্রলীগের ৬টি পদে মোট ৩৪ জনকে নিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষর করেন।
নতুন কমিটিতে সহসভাপতি ১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬ জন, সাংগঠনিক সম্পাদক ৮ জন এবং ছাত্রীবিষয়ক সম্পাদক ১ জন রয়েছেন।
গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের কমিটি ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সিদ্দিকুর রহমান হৃদয় তাঁর ফেসবুক পোস্টে লেখেন, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মোহসিন রেজা মন্তব্য করেন, তালতলী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। মো. সৈকত লেখেন, অভিনন্দন। এক হাজারের বেশি ব্যক্তি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে কমিটি দেওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, যে ছাত্র সংগঠনের হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে তার নাম ছাত্রলীগ। ছাত্রলীগ কারো নিষিদ্ধ মানে না। বেতাগী উপজেলার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং ‘অবৈধ ইউনুস’ পতনের আন্দোলন বেগবান করতেই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:০৮ ● ৩২৩ বার পঠিত