আমতলীতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান বন্ধ

হোম পেজ » বরগুনা » আমতলীতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান বন্ধ
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


আমতলীতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

দ্বিতীয় দিনেও আমতলী উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। এতে প্রায় ২৪ হাজার শিক্ষার্থী পাঠদান থেকে বঞ্চিত হয়ে বাড়ি ফিরে যাচ্ছে।

জানা গেছে, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে গত শনিবার থেকে সারা দেশের প্রাথমিক শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। ওইদিন বিকেলে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শিক্ষক সংগঠনগুলো কর্মবিরতির ঘোষণা দেয়। রবিবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি সোমবারও অব্যাহত ছিল।

বিদ্যালয়গুলো খোলা থাকলেও শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান করেননি। তারা বিদ্যালয়ে এসে কর্মবিরতি পালন করেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। কেউ কেউ বিদ্যালয়ে এসে ফিরে যাচ্ছে, আবার কেউ বিদ্যালয় প্রাঙ্গণে সময় কাটাচ্ছে। ফলে অভিভাবকরা সন্তানের শিক্ষাজীবন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানভির, জিনিয়া ও আব্দুল্লাহ বলেন, শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন, তাই ক্লাস হচ্ছে না। আমরা এসে আবার বাড়ি ফিরে যাচ্ছি।

অভিভাবক নুর জামাল ও মিরাজ বলেন, বছরের শেষ সময়ে ক্লাস বন্ধ থাকায় সন্তানদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। তারা দ্রুত সরকারের কাছে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ২৫ বছর চাকরি করেও আমরা এখনও ১৩তম গ্রেডে রয়েছি। উচ্চতর গ্রেড ও পদোন্নতি বন্ধ রয়েছে। সরকার দ্রুত দাবি মেনে নিলে আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব।

আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি একেএম জিল্লুর রহমান বলেন, শিক্ষকরা ক্লাসে ফিরতে চান, কিন্তু সরকার এখনো দাবি মানেননি। সরকার প্রজ্ঞাপন জারি করলেই শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ১৭:১৪:২০ ● ১৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ