গলাচিপায় কর্মবিরতিতে ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় কর্মবিরতিতে ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫


গলাচিপায় কর্মবিরতিতে ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় ১৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ৯১২ জন সহকারী শিক্ষক। ফলে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে।

গলাচিপার শিক্ষকরা জানান, শনিবার বিকেলে ঢাকার শাহবাগে শিক্ষকদের কলমবিসর্জন কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বহু শিক্ষক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনার প্রতিবাদে গলাচিপার শিক্ষকরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

গোলখালী ইউনিয়নের এক সহকারী শিক্ষক বলেন, গলাচিপা থেকে প্রায় শতাধিক শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকায় আছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, আমাদের তিন দফা দাবিগুলো হলো-সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:২১ ● ১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ