সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

সাগরে চারদিন ভেসে ১২ জেলে অলৌকিকভাবে বেঁচে ফিরল পরিবারে

হোম » পটুয়াখালী » সাগরে চারদিন ভেসে ১২ জেলে অলৌকিকভাবে বেঁচে ফিরল পরিবারে
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে চারদিন ভেসে থাকার পর উদ্ধার হওয়া বরগুনার ১২ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌ-পুলিশ।

 

শুক্রবার (১১ জুলাই) সকালে রাঙ্গাবালীর চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়িতে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। এর আগের দিন (১০ জুলাই) বঙ্গোপসাগর থেকে জীবিত অবস্থায় জেলেদের উদ্ধার করে নৌ-পুলিশ।

 

জানা গেছে, সাগরে জেলেদের ভাসতে দেখে অন্য একটি ট্রলারের জেলেরা নৌ-পুলিশকে খবর দেয়। পরে বৃহস্পতিবার দুপুরে ৯ জন ও রাতে আরও ৩ জনকে উদ্ধার করে চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়।

 

উদ্ধার হওয়া জেলেরা জানান, ৫ জুলাই বরগুনার পাথরঘাটার পশ্চিম মঠের খাল এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন এফবি সাইকূল নামের ট্রলারটি নিয়ে তারা গভীর সাগরে যায়। ৬ জুলাই সকালে পায়রা সমুদ্র বন্দরের শেষ বয়ার কাছে ট্রলারটি প্রবল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

 

ট্রলারডুবির পর থেকে তারা ফ্লুট ও রিং বয়া আঁকড়ে সাগরে ভেসে থাকেন। ঝড়, ঢেউ ও লবণ পানি খেয়ে তারা চার দিন টিকে ছিলেন।

 

উদ্ধার হওয়া ১২ জেলে হলেন- কবির হোসেন, এবাদত, আল আমিন সিকদার, জাহিদ, রাসেল, ইব্রাহিম খান, মুনসুর, শাহ আলম, নূরুল হক, কবির শিউলি, সোহাগ ও গোপাল দাস। তারা সবাই বরগুনার পাথরঘাটার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম সাগরকন্যাকে বলেন, জেলেদের উদ্ধারের পর চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করা হয়। পরে নিরাপদে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে, জেলেদের অলৌকিকভাবে বেঁচে ফেরাকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা এলাকায় স্বস্তি ও আবেগের পরিবেশ তৈরি হয়। স্বজনদের চোখে জল, আর জেলেদের মুখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা- সব মিলিয়ে দৃশ্যটি ছিল গভীর মানবিকতায় ভরা।

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৮ ● ২৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ