বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখম করল ছেলে
হোম » বরিশাল » নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখম করল ছেলে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জে নেশার টাকা না দেওয়ায় নেরু বেগম (৬০) নামে এক মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকেও পিটিয়ে গুরুতর জখম করেছে ছেলে রবিউল ফকির (২২)। এ ঘটনায় রবিউলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নেরু বেগমের মেয়ে নুপুর বেগম গণমাধ্যমকে জানান, তাঁর ভাই রবিউল নেশাগ্রস্ত। প্রায়ই সে নেশার টাকা আদায়ের জন্য বাবা-মায়ের কাছ থেকে জোর করে টাকা নিত। বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে মা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবিউল অস্ত্র দিয়ে মায়ের মাথায় জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে বাবা রহিম ফকির ছেলেকে ধরতে গেলে রবিউল তাঁকেও পিটিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রবিউলকে আটক করেন এবং কাজিরহাট থানায় খবর দেন।
খবর পেয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রবিউলকে গ্রেপ্তার করে।
কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, নেরু বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে নুপুর বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:১৪:১৮
