বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
আমতলী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ, ইসলামী আন্দোলন নেতার বিচার দাবি
হোম » বরগুনা » আমতলী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ, ইসলামী আন্দোলন নেতার বিচার দাবি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনায় আমতলী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর গাছ কাটার দায় চাপানোর অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলটির মনোনীত মেয়র প্রার্থী মো. কামরুজ্জামানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের জমির গাছ কামরুজ্জামান ও তাঁর লোকজন কেটে ফেললেও সেই দায় তাঁদের ওপর চাপানো হচ্ছে। এ ঘটনায় এক পরিচ্ছন্নতাকর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
বুধবার রাতে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মী আমতলী পৌরসভার মিঠাবাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কামরুজ্জামানের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তাঁরা। বৃহস্পতিবার বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরোনো লঞ্চঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের দুই শতাংশ জমি ২৬ বছর ধরে ভোগদখল করে আসছেন মো. আব্দুর রশিদ খান। ওই জমিতে তিনি আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ লাগিয়েছিলেন। গত ২ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি মো. কামরুজ্জামান ও তাঁর লোকজন ওই গাছগুলো কেটে ফেলেন বলে অভিযোগ উঠেছে। জমি দখলের উদ্দেশ্যে গাছগুলো কাটা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ২ নভেম্বর বিকেলে আব্দুর রশিদ খান আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএফপিসি মো. মনিরুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
এদিকে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১৪ নভেম্বর আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন পরিচ্ছন্নতাকর্মী বদু মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলদ ও বনজ গাছ কাটার অভিযোগে কেন তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়।
তবে বদু মিয়ার দাবি, তিনি গাছ কাটেননি। কামরুজ্জামানের নির্দেশে গাছ কাটার পর তাঁদের ডালপালা সরানোর জন্য ডাকা হয়েছিল। তাঁর নির্দেশ অনুযায়ী তাঁরা শুধু ডালপালা অপসারণ করেছেন। গাছ কাটার ঘটনায় তাঁদের কোনো দায় নেই।
বদু মিয়ার আরও অভিযোগ, ডালপালা সরানোর সময় কামরুজ্জামান পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিওর কয়েকটি স্থিরচিত্রের ভিত্তিতে তাঁদের দায়ী করা হয়েছে। সঠিকভাবে অধিকতর তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।
পরিচ্ছন্নতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে তাঁরা বিক্ষোভ করেন।
অভিযোগের বিষয়ে মো. কামরুজ্জামান বলেন, এ বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদের আওয়ামী লীগ আখ্যা দিয়ে মারধর করা হবে।
আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, তদন্ত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরগুনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২৭:২২
