বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষ ‘পায়রা’য় আলোচনা সভায় মিলিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্বাস আলী। প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাকি বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আলহাজ মনিরুজ্জামান ও খামারি উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম তালুকদার।

 

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে মানবসম্পদ বিকাশ ও উদ্যোক্তা তৈরিতেও সরকার কাজ করছে।

 

তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাণিজ পণ্য ও উপজাত রপ্তানি করে ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার এবং মার্চ থেকে আগস্ট পর্যন্ত ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলার আয় করেছে দেশের প্রাণিসম্পদ খাত।

 

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি, প্রাণিসম্পদ হাসপাতালের সেবা গ্রহণকারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৩০