বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
ফরিদপুরে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
হোম » ঢাকা » ফরিদপুরে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের কোতয়ালী থানার শোভারামপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসিনা বেগম শ্রাবন্তী (২৭), জামাল ফকির (৫০), শান্তা আক্তার (২৫) ও মো. শুভ ফকির (২২)। হাসিনা বেগমের বাড়ি কক্সবাজারের টেকনাফে। বাকি তিনজন ফরিদপুরের শোভারামপুর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১৮:৩৮
