মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬

পুণ্যস্নানে শেষ দুবলার চরের শতবর্ষী রাস উৎসব, সমাগম ১০ হাজার

হোম » খুলনা » পুণ্যস্নানে শেষ দুবলার চরের শতবর্ষী রাস উৎসব, সমাগম ১০ হাজার
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬


পুণ্যস্নানে শেষ দুবলার চরের শতবর্ষী রাস উৎসব, সমাগম ১০ হাজারসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনের দুবলার চরে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আলোরকোল সমুদ্রসৈকতে পুণ্যস্নান ও প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থী, দর্শনার্থী ও বিদেশি পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সমুদ্রসৈকত। আয়োজকদের হিসাবে, বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কমলেও এবার প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে উৎসব।

 

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রায় তিন কিলোমিটার সমুদ্রসৈকতজুড়ে পুণ্যার্থীদের ঢল নামে। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে আলোরকোল। রাসপূর্ণিমার তিথিতে সাগরে পুণ্যস্নানে পাপমোচনের বিশ্বাস নিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নোনা জলে নামেন পুণ্যার্থীরা। এ সময় তারা আত্মশুদ্ধি, পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

 

১৯২৩ সালে সাধু হরিভজনের হাত ধরে দুবলার চরে রাস উৎসবের সূচনা হয়। একসময় এ উৎসবকে কেন্দ্র করে বসত বিশাল রাসমেলা। দেশ-বিদেশের লাখো মানুষের সমাগমে মুখর থাকত পুরো চর। বসত নানা পণ্যের দোকানও। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে মেলা বন্ধ রাখা হয়েছে। এবারও কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল আয়োজন।

 

দুবলা রাস উদ্‌যাপন জাতীয় কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্টু বলেন, সব ধর্মের মানুষ ও প্রশাসনের সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। তবে চরের অস্থায়ী মন্দিরটি স্থায়ীভাবে পাকা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

দুবলার চর রাস পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, বৃষ্টির কারণে পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কম হলেও উৎসবমুখর পরিবেশে প্রায় ১০ হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীর সমাগম হয়েছে।

 

নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার জাকি আল ফাত্তাহ জানান, কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব সম্পন্ন হয়েছে। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড, পুলিশ, র‍্যাব ও নৌপুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। তাঁর ভাষ্য, শত বছরের ঐতিহ্যবাহী এ উৎসব এখন সর্বজনীন মিলনমেলায় পরিণত হয়েছে।

 

ধর্মীয় আচার, পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে দুবলার চরের শতবর্ষী রাস উৎসব। তবে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও সাগরপাড়ের স্মৃতি নিয়ে ঘরে ফিরেছেন হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৮