রবিবার ● ২২ নভেম্বর ২০২৬

কুয়াকাটা-কলাপাড়ায় সোমবার থেকে পাঁচ দিনব্যাপী রাস উৎসব, প্রস্তুত মন্দির

হোম » পটুয়াখালী » কুয়াকাটা-কলাপাড়ায় সোমবার থেকে পাঁচ দিনব্যাপী রাস উৎসব, প্রস্তুত মন্দির
রবিবার ● ২২ নভেম্বর ২০২৬


 

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

আগামীকাল সোমবার থেকে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। পাঁচ দিনব্যাপী এ উৎসবে দেড় থেকে দুই লাখ পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা। এ উপলক্ষে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম সাজানো হয়েছে নতুন সাজে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

 

কারিগরদের নিপুণ রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জণ মন্ডল জানান, সোমবার রাতভর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে চলবে সংগীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পুণ্যস্নান। পরে মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাসমেলা।

 

এদিকে রাস উৎসব ঘিরে কুয়াকাটা সৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩১