রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর স্মৃতিস্তম্ভ ও নামফলক
হোম » ঢাকা » গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর স্মৃতিস্তম্ভ ও নামফলক
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
১৯ নভেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। মিছিল থেকে জুলাই স্মৃতিস্তম্ভ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া সরকারি কলেজের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়েছে। পরে কয়েকটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা।
রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক সেতু হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।
অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নাভাই রক্তের নেতৃত্বে এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আল আমিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে আসেন। পরে পুরাতন লঞ্চঘাট এলাকায় বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো একত্র হয়।
সেখান থেকে জাতীয় পতাকা হাতে লাঠিসোঁটা, রামদা, চাইনিজ কুড়াল, টেঁটা ও বল্লম নিয়ে স্লোগান দিতে দিতে শহরের ব্যাংকপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে যান নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়ের তালা খুলে সেখানে উল্লাস করেন তাঁরা।
এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাটে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। একই সময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলেন তাঁরা।
পরে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের এপিসির ওপর দাঁড়িয়ে তাঁদের স্লোগান দিতে দেখা যায়।
কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. ইলিয়াস হক বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে যত দিন দেশে ফিরিয়ে আনতে না পারব, তত দিন রাজপথে আমাদের এই আন্দোলন চলতে থাকবে।
বাংলাদেশ সময়: ১৪:৫১:৫৮
