শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

হোম » ঢাকা » গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুনসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ নিহত হন। আহত হন ইজিবাইকের তিন যাত্রী।

 

নিহত মহিবুল্লাহ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের সুফি সাফের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে একই গ্রামের সারেজান মোল্লার ছেলে শহিদ মোল্লা রয়েছেন। অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত শহিদ মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

 

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় তদন্ত ছাড়া কোনো মন্তব্য করা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৮