শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
ছোট ভাইয়ের জানাজা-দাফন শেষে বাড়ি ফিরে মারা গেলেন বড় ভাই
হোম » খুলনা » ছোট ভাইয়ের জানাজা-দাফন শেষে বাড়ি ফিরে মারা গেলেন বড় ভাই
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
ছোট ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পর মারা গেছেন বড় ভাই। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই ভাইয়ের কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই ভাই হলেন আ. আজিজ তালুকদার (৮২) ও আ. হাকিম তালুকদার (৮০)। তাঁরা গোলবুনিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে ছোট ভাই আ. হাকিম তালুকদার মারা যান। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় উপজেলা মডেল মসজিদ চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। অসুস্থ শরীর নিয়েও জানাজায় অংশ নেন বড় ভাই আ. আজিজ তালুকদার। জানাজা শেষে বাড়িতে ফিরে দাফনেও উপস্থিত ছিলেন তিনি। পরে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আ. আজিজ। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
আ. আজিজ তালুকদারের ছেলে মো. নূরুজ্জামান তালুকদার বলেন, আমার বাবা ও চাচা পিঠাপিঠি বয়সের ছিলেন। তাঁদের বাড়িও ছিল পাশাপাশি। তাঁদের মধ্যকার সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন অত্যন্ত গভীর ও মধুর ছিল। চাচা বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পর বাবা হয়তো সেই শোক সহ্য করতে পারেননি।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ফরাজি বলেন, দুই ভাইয়ের মধ্যে গভীর সুসম্পর্ক ছিল। ছোট ভাইয়ের মৃত্যুর শোক ও বিচ্ছেদ বড় ভাই সহ্য করতে পারেননি বলেই মনে হয়েছে।
জীবনের শেষ প্রান্তে এসে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের এমন মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ২১:০৩:২৫ ● ২০ বার পঠিত
