শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
হোম » বরিশাল » বানারীপাড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত
সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)
বরিশালের বানারীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে দুই ভাইয়ের মধ্যে মারামারির এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মারামারির একপর্যায়ে শিশির মাটিতে পড়ে গেলে তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন বড় ভাই জহিরুল আলম বিপুল মোল্লা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত শিশির বাবু বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। বরিশালের বিভিন্ন ব্যান্ড দলের জনপ্রিয় ড্রামার হিসেবেও পরিচিত ছিলেন তিনি। তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোর্শেদ আলম দিলির মোল্লার ছোট ছেলে। তাঁর বড় ভাই জহিরুল আলম বিপুল মোল্লা বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মোর্শেদ আলম দিলির মোল্লার পরিবারের সঙ্গে বাড়ির জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ওই পরিবারের নামে ৩২ শতক জমি লিখে দিয়ে বিরোধের মীমাংসা করেন। তবে ওই জমির মালিকানা নিয়ে দুই ভাই বিপুল মোল্লা ও শিশির বাবুর মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়।
স্থানীয় সূত্র জানায়, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে শিশির গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। শিশির মাটিতে পড়ে গেলে বিপুল তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন। তাঁদের দাবি, শিশিরের বুক ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় বিপুল মোল্লাও আহত হয়েছেন।
নিহতের স্ত্রী লিজা বেগম অভিযোগ করে বলেন, তাঁর স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেন। একপর্যায়ে শিশির মাটিতে পড়ে গেলে তাঁর বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। আহত অবস্থায় স্বামীকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জানিয়ে লিজা বেগম বলেন, আমাদের সামনে এখন শুধুই ঘোর অন্ধকার।
এ বিষয়ে শুক্রবার দুপুরে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, দুই ভাইয়ের মধ্যে মারামারি এবং পরবর্তী সময়ে একজনের মৃত্যুর বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:২৫:২৭ ● ৯ বার পঠিত
