বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে
হোম » প্রযুক্তি » নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে
সাগরকন্যা আইটি ডেস্ক
নিজের চেহারা ও কণ্ঠস্বরের আদলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি ও ভিডিও তৈরির নতুন সুবিধা চালু করেছে গুগলের জেমিনাই। ‘পারসোনাল অ্যাভাটার’ নামের এ সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে পারবেন। পরে সেই প্রতিরূপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও তৈরি করা যাবে। ফলে প্রতিবার নতুন করে নিজের ভিডিও ধারণের প্রয়োজন হবে না।
নতুন এ সুবিধার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নিজের তৈরি অ্যাভাটার অন্যদের ব্যবহারের সুযোগ দেওয়া যাবে। বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠিয়ে এ অনুমতি দেওয়া সম্ভব। অনুমতি পাওয়া ব্যক্তিরাও নিজেদের তৈরি এআই ছবি ও ভিডিওতে অ্যাভাটারের মালিকের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন। তবে কে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন এবং কত দিন ব্যবহার করতে পারবেন, তা নিয়ন্ত্রণ করতে পারবেন মালিক নিজেই।
গুগলের তথ্যমতে, ব্যক্তিগত অ্যাভাটার তৈরির জন্য প্রথমে নিজের চেহারার ছবি তুলতে হবে এবং কণ্ঠস্বর ধারণ করতে হবে। কম্পিউটার থেকে প্রক্রিয়াটি শুরু করলে জেমিনাই একটি কিউআর কোড দেখাবে। স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে কোডটি স্ক্যান করার পর ফোনে কণ্ঠস্বর ধারণ করতে হবে। এরপর জেমিনাইয়ের মাধ্যমে তৈরি হবে ব্যক্তিগত অ্যাভাটার। পরবর্তী সময়ে নতুন ছবি ও ভিডিও তৈরিতে এটি ব্যবহার করা যাবে। তবে ব্যক্তিগত অ্যাভাটার দিয়ে ভিডিও তৈরির জন্য প্রয়োজন হবে গুগল এআই প্ল্যান।
অন্য কাউকে অ্যাভাটার ব্যবহারের অনুমতি দিতে হলে তাঁর জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠাতে হবে। আমন্ত্রণ গ্রহণের পর তিনি নিজের তৈরি এআই কনটেন্টে ওই অ্যাভাটার ব্যবহার করতে পারবেন। জেমিনাইয়ের সেটিংস থেকে অ্যাভাটার ব্যবহারের অনুমতি ও সময়সীমা নির্ধারণ করা যাবে। প্রয়োজনে যেকোনো সময় সেই অনুমতি বাতিলও করতে পারবেন মালিক।
অনুমতি বাতিলের পর সংশ্লিষ্ট ব্যক্তি নতুন করে ওই অ্যাভাটার ব্যবহার করে ছবি বা ভিডিও তৈরি করতে পারবেন না। তবে আগে তৈরি করা ছবি ও ভিডিও অক্ষত থাকবে। অর্থাৎ অ্যাভাটার ব্যবহারের অনুমতি প্রত্যাহার করলেও আগে তৈরি কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না।
বাংলাদেশ সময়: ৭:৩৫:৫৩ ● ২৫ বার পঠিত
