বুধবার ● ৪ নভেম্বর ২০২৬

পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

হোম » পিরোজপুর » পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬


পিরোজপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাফিসকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

 

আহত ব্যক্তিরা হলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব। তাঁদের মধ্যে গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।

 

পিরোজপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শাওন (বাবু) বলেন, ছাত্রদল থেকে বহিষ্কৃত নাফিস আহমেদ সিয়াম নামে এক ব্যক্তির নেতৃত্বে ২০ থেকে ২৫ জন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে হামলা চালান। এ ঘটনায় দুই পক্ষের লোকজনই আহত হয়েছেন। রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

 

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে শুনেছেন। অভিযুক্ত সিয়ামকে আগেই ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরও এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ৭:১০:৫৮ ● ২৪ বার পঠিত