মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
মুড়ির প্যাকেটে রাখা ককটেল বিস্ফোরণে জামায়াত নেতা আহত
হোম » খুলনা » মুড়ির প্যাকেটে রাখা ককটেল বিস্ফোরণে জামায়াত নেতা আহত
সাগরকন্যা প্রতিবেদক, খুলনা
খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা হাতে তৈরি ককটেল বিস্ফোরণে মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তাঁর হাত-পায়ের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত মনিরুল ইসলাম সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি। তিনি একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পর ঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান মনিরুল ইসলাম। কেউ ভুল করে প্যাকেটটি রেখে গেছে মনে করে তিনি সেটি হাতে তুলে ঘরে নিয়ে যান। পরে প্যাকেটটি পরীক্ষা করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনি আহত হন। বিস্ফোরণে ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনে তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুশফিকুর রহমান মনিরুল ইসলামের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, মনিরুল ইসলামের ছোট ভাই এম এম রকিব উদ্দিন সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী। ওই প্রার্থীকে ভয় দেখানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা মুড়ির প্যাকেটে বোমা রেখে যেতে পারে বলে তাঁদের ধারণা। তবে ভুল করে বোমাসহ প্যাকেটটি রকিব উদ্দিনের ঘরের পরিবর্তে মনিরুল ইসলামের ঘরের দরজার সামনে রেখে যাওয়া হয়ে থাকতে পারে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানান মুশফিকুর রহমান।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফজরের নামাজ শেষে বাড়ি ফিরে গেটের পাশে একটি পলিথিনের ব্যাগ দেখতে পান মনিরুল ইসলাম। সেটি ঘরে নিয়ে হাতে পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ২১:৪৭:০৮ ● ২০ বার পঠিত
