মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
জমির সীমানা নিয়ে বিরোধ, রডের আঘাতে কিশোরের মাথা ফাটানোর অভিযোগ
হোম » পটুয়াখালী » জমির সীমানা নিয়ে বিরোধ, রডের আঘাতে কিশোরের মাথা ফাটানোর অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় চারজন আহত হয়েছেন। এদের মধ্যে রাব্বি প্যাদা (১৭) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চরবিস্টিন গ্রামের লোকজনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও মারধরের অভিযোগ করেছেন চর বিশ্বাস ইউনিয়নের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সবুজ প্যাদা জানান, দীর্ঘদিন ধরে চরবাংলা এলাকার ওই জমি তারা ভোগদখল করে আসছেন। প্রতিবছরের মতো এবারও তরমুজ চাষের জন্য জমিতে তাওয়া তৈরির কাজ করতে গেলে চরবিস্টিন গ্রামের লোকজন গাছপালার আড়াল থেকে এসে জমিটি নিজেদের দাবি করেন। একপর্যায়ে তাঁদের মারধর করা হয়। এতে চর বিশ্বাস ইউনিয়নের প্রায় চারজন আহত হন।
আহত রাব্বি প্যাদা বলেন, ‘আমাদের চরবাংলার জমিতে তরমুজ চাষের জন্য তাওয়া তৈরি করতে গেলে চরবিস্টিন গ্রামের লোকজন এসে জমিটি নিজেদের দাবি করেন। একপর্যায়ে তাঁরা আমাদের মারধর করেন। লোহার রডের আঘাতে আমার মাথায় জখম হয়। পরে এলাকাবাসী আমাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’
রাব্বি প্যাদা স্থানীয় বাসিন্দা সবুজ প্যাদার ছেলে। ঘটনার পর সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে স্থানীয় জাহিদ হাওলাদার বলেন, জমির সীমানা দাবি করে তাঁদের মারধর করা হয়েছে। তাঁরা এ ঘটনার বিচার চান।
শহিদুল হাওলাদার বলেন, ‘জয়বাংলা ও চর বিশ্বাসের মানুষ এই জমির মালিক। প্রতিবছর আমরা সেখানে তরমুজ চাষের জন্য খেত তৈরি করি। তাঁরা প্রতিবছরই আমাদের হয়রানি করেন। প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।’
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক মো. মেজবাহ উদ্দিন বলেন, আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তবে রাব্বি গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথা ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়ার চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালের তৃতীয় তলার ৫ নম্বর শয্যায় রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের সদস্য তোফাজ্জেল আকন বলেন, জমির সীমানা নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে। তাঁর জানা মতে, দীর্ঘদিন ধরে চরবাংলার মানুষ ওই জমি ভোগদখল করে আসছেন।
চর মোন্তাজ ইউনিয়ন পরিষদের সদস্য মিজু গাজী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এলাকায় ফিরে বিষয়টি সরেজমিনে দেখবেন।
চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মুন্সী বলেন, চরবাংলা তাঁর ইউনিয়নের একটি অংশ। জমিটি চরবাংলায় হওয়ায় সেটি চর বিশ্বাস ইউনিয়নের জমি বলে তিনি দাবি করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩:১৩:২০ ● ২৭ বার পঠিত
