সোমবার ● ২ নভেম্বর ২০২৬
দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানকে মারধর ও তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহসভাপতি।
রবিবার (১ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে খলিলুর রহমান উল্লেখ করেন, শনিবার একটি দোকানের সামনে আসামিরা তাঁকে গালমন্দ ও মারধর করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ২১ হাজার ৫০০ টাকা নিয়ে যান তাঁরা। বিভিন্ন বিষয় নিয়ে আসামিদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
তবে এ ঘটনার পাল্টা অভিযোগ উঠেছে খলিলুর রহমানের বিরুদ্ধেও। মামলার প্রধান আসামি দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাওলাদার অভিযোগ করেন, ড্রেজারের লাইন টানাকে কেন্দ্র করে বিএনপি নেতা খলিল জোমাদ্দার তাঁদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ নিয়ে তাঁর সঙ্গে তর্কবিতর্ক হয়।
রাকিব আরও বলেন, গ্রেপ্তারের আগে ছাত্রদল নেতা ইমরান এ বিষয়ে বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, ওই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে খলিলুর রহমান বলেন, নিজেদের বাঁচাতে তাঁরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদল নেতার করা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১:৫০:০৮ ● ১৪ বার পঠিত
