সোমবার ● ২ নভেম্বর ২০২৬

ঠিকানা মিলেছে, এবার বাড়ি ফেরার অপেক্ষায় ৭০ বছরের শানু খালা

হোম » পটুয়াখালী » ঠিকানা মিলেছে, এবার বাড়ি ফেরার অপেক্ষায় ৭০ বছরের শানু খালা
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


ঠিকানা মিলেছে, এবার বাড়ি ফেরার অপেক্ষায় ৭০ বছরের শানু খালাসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পথ হারিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় চলে আসা ৭০ বছর বয়সী কুলসুম বেগম ওরফে শানু খালার পরিচয় ও ঠিকানা শনাক্ত হয়েছে। মানবিক সহায়তায় আশ্রয় পাওয়া এই বৃদ্ধা এখন নিজ ঠিকানা যশোরের ঝিকরগাছায় ফিরতে চান। তবে বাড়ি ফেরার ব্যবস্থা না হওয়ায় তাঁকে অপেক্ষায় থাকতে হচ্ছে।

 

শানু খালা যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর পৌরসভার বাসিন্দা। তিনি মৃত কুদ্দুস শিকদারের স্ত্রী। ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মী মনোয়ারা বেগম তাঁর পরিচয় ও ঠিকানা নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ দিন আগে ঝিকরগাছা থেকে পালিত নাতনির বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন শানু খালা। পথে ভুল করে তিনি পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছে যান। ধারণা করা হচ্ছে, কলারোয়ার কথা বলায় বাসের কর্মীরা তাঁকে কলাপাড়াগামী গাড়িতে তুলে দিয়েছিলেন। ঝিকরগাছা থেকে কলাপাড়ার দূরত্ব প্রায় ২৭৭ কিলোমিটার।

 

কলাপাড়ায় এসে পথ হারিয়ে বিভিন্ন স্থানে ঘুরছিলেন তিনি। এ সময় স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে দাঁড়াই’-এর সভাপতি নয়নাভিরাম গাইনের নজরে পড়েন শানু খালা। তাঁর কাছে নাম-পরিচয় জানতে চাইলে ঝিকরগাছা ছাড়া আর কিছু বলতে পারেননি তিনি। পরে সংগঠনটির পক্ষ থেকে তাঁকে আশ্রয় দেওয়া হয়।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিষয়ে খবর প্রকাশের পর পরিচয় ও ঠিকানা শনাক্ত হয়। জানা যায়, ঝিকরগাছার কৃষ্ণনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অন্যের বাড়ির একটি ঝুপড়ি ঘরে থাকতেন তিনি। নিজের কোনো ভিটেমাটি নেই। রক্তের সম্পর্কেরও কেউ নেই। মানুষের সহায়তায় চলে তাঁর খাওয়া-পরা। তবে এলাকার মানুষ তাঁকে ভালোবাসেন এবং তাঁর ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

 

বিষয়টি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের নজরে এলে তিনি ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পরে ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মী মনোয়ারা বেগম আশ্রয়দাতা সংগঠন ‘পাশে দাঁড়াই’-এর সভাপতি নয়নাভিরাম গাইনের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি শানু খালার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁর বর্তমান অবস্থানের খোঁজ নেন।

 

অন্যদিকে, শানু খালা নিজ ঠিকানায় ফিরে যাওয়ার জন্য বারবার আকুতি জানাচ্ছেন।

 

‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন বলেন, মানবিক দিক বিবেচনা করে ঠিকানাহীন এই অসহায় মানুষটিকে আমরা আশ্রয় দিয়েছি। কিন্তু আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে। আমরা প্রত্যাশা করি, কলাপাড়া ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শানু খালাকে তাঁর নিজ ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, আমি সব বিষয়ে অবগত আছি। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আশা করছি, তাঁর বাড়ি ফেরার ব্যবস্থা হবে।

বাংলাদেশ সময়: ১৩:১২:০৮ ● ২৫ বার পঠিত