সোমবার ● ২ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, এক লাইনে লেখার অনুমতি
হোম » লিড নিউজ » মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, এক লাইনে লেখার অনুমতি
সাগরকন্যা প্রতিবেদক
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের অংশে এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।
রবিবার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতির পাশাপাশি এক লাইনে অনুভূমিকভাবে নম্বর লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।
এ ছাড়া মোটরসাইকেলের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমতি দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে সংস্থাটিকে।
নতুন বিধিমালায় সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাপ, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব এবং দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মধ্যবর্তী হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণের ক্ষমতা বিআরটিএকে দেওয়া হয়েছে।
একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১০:৩৮:৪৪ ● ২৩ বার পঠিত
