সোমবার ● ২ নভেম্বর ২০২৬

বামনা সদর ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সালাউদ্দিনের নাম ঘোষণা

হোম » বরগুনা » বামনা সদর ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সালাউদ্দিনের নাম ঘোষণা
সোমবার ● ২ নভেম্বর ২০২৬


বামনা সদর ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সালাউদ্দিনের নাম ঘোষণাসাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

বরগুনার বামনা সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মো. সালাউদ্দিন হাওলাদারের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। রবিবার (১ নভেম্বর) বিকেল ৫টায় বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তাঁর নাম ঘোষণা করেন বামনা উপজেলা বিএনপির সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, মাইক্রোটেক্স ডিজাইন লিমিটেডের স্বত্বাধিকারী ও সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন শরীফ। তিনি চিফ হুইপ ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণির পক্ষে এ ঘোষণা দেন।

 

সালাউদ্দিন হাওলাদার দীর্ঘদিন বামনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতেও তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তাঁর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

 

বামনা সদর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মতবিনিময় সভার আয়োজন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির বামনা সদর ইউনিয়ন শাখার আহ্বায়ক ইকবাল কোরাইশী (বাবু) এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব আব্দুর রহমান মল্লিক।

 

সভায় প্রধান অতিথি হিসেবে চিফ হুইপ ও সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণির উপস্থিত থাকার কথা ছিল। উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আলহাজ্ব রুহুল আমিন শরীফ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিন আল হোসাইন সেলিম সরদার, বিএনপি নেতা মো. নেছার উদ্দিন শরীফ এবং বামনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইছা খন্দকার।

 

সভায় বক্তব্য দেন বরগুনা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল চন্দ্র কর্মকার, বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মো. জাকির হোসেন সিকদার জাফর, বামনা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. সোহেলা পারভীন, ওলামা দলের সাধারণ সম্পাদক মো. আজমল খান, যুবদল নেতা খোরশেদ আলম দীপু সিকদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির শিকদার, বর্তমান সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্না, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রকৌশলী রায়হান নাজির ধলু, মো. মেহেদী হাসান সুমন ও মো. আসাদুল ইসলামসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মাদ আল আমিন। সভায় বক্তারা বামনা সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১০:১৫:২১ ● ৪২ বার পঠিত