রবিবার ● ১ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় যুব দিবসে ৪ উদ্যোক্তাকে ৬ লাখ টাকার ঋণ বিতরণ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় যুব দিবসে ৪ উদ্যোক্তাকে ৬ লাখ টাকার ঋণ বিতরণ
রবিবার ● ১ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় যুব দিবসে ৪ উদ্যোক্তাকে ৬ লাখ টাকার ঋণ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

বর্ণাঢ্য র‌্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে চারজন উদ্যোক্তার মধ্যে মোট ৬ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের প্রকল্প ব্যবস্থাপক মো. সবুজ। এ এম মিজানুর রহমান বুলেটও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুজ্জামান বলেন, যুবকরাই দেশের শক্তি। তাঁদের যথাযথ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে প্রশিক্ষিত যুবসমাজ গড়ে তোলা অপরিহার্য। বাংলাদেশের বিপুল কর্মক্ষম যুবশক্তি দেশের বড় সম্পদ। এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। যুবকরা মেধাবী এবং সব ক্ষেত্রে দক্ষতা দেখাতে সক্ষম। তাঁরাই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৬ ● ৩২ বার পঠিত