বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালীতে খাল বাঁধের চেষ্টার প্রতিবাদে জেলে-কৃষকদের মানববন্ধন

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে খাল বাঁধের চেষ্টার প্রতিবাদে জেলে-কৃষকদের মানববন্ধন
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


 

রাঙ্গাবালীতে খাল বাঁধের চেষ্টার প্রতিবাদে জেলে-কৃষকদের মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের যুগির হাওলা গ্রামের কাউনিয়া স্লুইসের খালে বাঁধ দেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় জেলে ও কৃষকরা। বৃহস্পতিবার দুপুরে খালের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। খালটি উন্মুক্ত রাখা ও খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী নীল গাজী, সোহেল গাজী, মনির গাজী ও অহিদুল গাজী দীর্ঘদিন ধরে খালটির একাংশ বন্দোবস্ত নেওয়ার দাবি করে সেখানে বাঁধ দিয়ে মাছের ঘের করার পাঁয়তারা করছেন। পাশাপাশি নিজেদের চাষাবাদের সুবিধার্থেও তাঁরা খালটি বাঁধ দেওয়ার চেষ্টা করছেন।

 

বক্তারা আরও অভিযোগ করেন, খালের জমির মালিকানা দাবি করে গত তিন বছরে খালসংলগ্ন ঘেরমালিকদের কাছ থেকে বছরে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা আদায় করা হয়েছে। গত বছর খালে বাঁধ দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা কেটে দেন। এবারও ওই ব্যক্তিরা বাঁধ দেওয়ার হুমকি দিচ্ছেন। গত দুই দিন ধরে জেলেদের ট্রলার সরিয়ে নিতে বলা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

 

স্থানীয়রা জানান, খালটির দুই পাশে প্রায় ৪০০ একর কৃষিজমি রয়েছে। জোয়ার-ভাটার পানির প্রবাহ, কৃষিজমির পানি নিষ্কাশন, জেলেদের ট্রলার নোঙর এবং মাছের ঘেরে পানি সরবরাহের ক্ষেত্রে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খালটি বন্ধ করা হলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পাশাপাশি কৃষক, জেলে ও মৎস্যচাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। এ কারণে খালটি উন্মুক্ত রেখে খননের দাবি জানান তাঁরা।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে অন্যতম অহিদুল গাজী বলেন, খালটি রেকর্ডীয় সম্পত্তি, সরকারি খাসজমি নয়। ওই এলাকায় তাঁর ১৮ কানি জমিতে তরমুজ চাষের জন্য সাময়িকভাবে বাঁধ দেবেন। চাষাবাদ শেষে বাঁধ কেটে দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, এ বিষয়ে মানববন্ধনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। ইউএনও সরেজমিনে পরিদর্শনে যাবেন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, জোয়ার-ভাটার পানির প্রবাহ রয়েছে, এমন খালে বাঁধ দেওয়ার সুযোগ নেই। কেউ এমন চেষ্টা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫২ ● ৩৩ বার পঠিত