নাজিরপুরে ট্রলারডুবি: সন্তানের পর এবার মায়ের মরদেহ উদ্ধার

হোম » পিরোজপুর » নাজিরপুরে ট্রলারডুবি: সন্তানের পর এবার মায়ের মরদেহ উদ্ধার
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


 

নাজিরপুরে ট্রলারডুবি: সন্তানের পর এবার মায়ের মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে খেয়া ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রীনা বেপারী (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তাঁর ৮ বছর বয়সী মেয়ে অর্পিতা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়।

 

বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকার কালিগঙ্গা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহত রীনা বেপারী পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।

 

এর আগে গত সোমবার (১৯ অক্টোবর) রাতে নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দরের ফেরিঘাট এলাকা থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে খেয়া পারাপারের সময় একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে প্রায় অর্ধশত যাত্রী ও ছয়টি মোটরসাইকেল ছিল।

 

এ ঘটনায় রীনা বেপারী ও তাঁর মেয়ে অর্পিতা নিখোঁজ হন। পরে অর্পিতার মরদেহ উদ্ধার করা হয়। গত তিন দিনে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দল পাঁচটি মোটরসাইকেলও উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৬:০১:২০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ