চরফ্যাশনে আনসার-ভিডিপির দলনেত্রী তাছলিমা বেগমের কৃষি খামারে সাফল্য

হোম » ভোলা » চরফ্যাশনে আনসার-ভিডিপির দলনেত্রী তাছলিমা বেগমের কৃষি খামারে সাফল্য
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬


 

চরফ্যাশনে আনসার-ভিডিপির দলনেত্রী তাছলিমা বেগমের কৃষি খামারে সাফল্য

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলার চরফ্যাশনে আনসার-ভিডিপির ঋণ নিয়ে সমন্বিত কৃষি খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন ইউনিয়ন দলনেত্রী তাছলিমা বেগম। তাঁর খামারে লেয়ার মুরগি পালন, মাছ চাষ, ফল ও সবজি উৎপাদনের পাশাপাশি সুপারির বাগান রয়েছে। তাঁর এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে ছয়জন ভিডিপি সদস্যের।

 

চরফ্যাশন উপজেলার ১৭ নম্বর আবুবক্করপুর ইউনিয়নের বাসিন্দা তাছলিমা বেগম আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ‘সমন্বিত আনসার ও ভিডিপি কৃষি উন্নয়ন প্রকল্প’ নামে খামারটি গড়ে তোলেন। খামারে তিনি ৩ হাজার ৫০০ লেয়ার মুরগি পালন করছেন। এ ছাড়া ১০০ শতাংশ জমির পুকুরে দেশি, বিদেশি ও কার্পজাতীয় মাছ চাষ করছেন। পুকুরের পাড়ে বিভিন্ন ফলের গাছ ও সবজির বাগান করেছেন। পাশাপাশি ৮০ শতাংশ জমিতে গড়ে তুলেছেন সুপারির বাগান।

 

খামার থেকে আয় করে তাছলিমা বেগম ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছেন। মেয়ের পড়াশোনার পাশাপাশি নিজের বাড়িও নির্মাণ করেছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্য আনসার-ভিডিপি সদস্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।

 

তাছলিমা বেগম বলেন, আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ধরনের খামার গড়ে তুলেছি। এখন স্বাবলম্বী হচ্ছি। ইনশাআল্লাহ, আরও সহযোগিতা পেলে সামনে এগিয়ে যেতে পারব।

 

আবুবক্করপুরের স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, তাছলিমা বেগম আনসার-ভিডিপির দলনেত্রী হিসেবে অনেক পরিশ্রম করে খামার গড়ে তুলেছেন। তিনি দিনরাত খামারে কাজ করেন। স্থানীয়রা তাঁকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। সরকার আর্থিক সহায়তা দিলে তিনি ব্যবসার পরিধি আরও বাড়াতে পারবেন।

 

চরফ্যাশন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, তাঁরা তাছলিমা বেগমের খামারগুলো পরিদর্শন করছেন। তাঁর উদ্যোগ প্রশংসার দাবিদার।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং চরফ্যাশন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে সদস্যদের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৪০ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ