ক্যাম্পাস গণতন্ত্র হত্যার ঐতিহ্য বিএনপি-ছাত্রদলের: ডাকসু জিএস ফরহাদ

হোম » ভোলা » ক্যাম্পাস গণতন্ত্র হত্যার ঐতিহ্য বিএনপি-ছাত্রদলের: ডাকসু জিএস ফরহাদ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

ক্যাম্পাস গণতন্ত্র হত্যার ঐতিহ্য বিএনপি-ছাত্রদলের: ডাকসু জিএস ফরহাদ

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের ভোট ও মতপ্রকাশের অধিকার হরণের অভিযোগ বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলা শহরের একটি রেস্তোরাঁয় ভোলা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

 

এস এম ফরহাদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সংসদে দাঁড়িয়ে গণতন্ত্রের বিজয় ও তা অটুট রাখার কথা বলা হচ্ছে। কিন্তু ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।

 

ডাকসুর জিএস বলেন, ১৯৯০ সালের পর ডাকসু নির্বাচনে ছাত্রদল জয়ী হয়। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালে বিশ্ববিদ্যালয়ে দলটির অনুসারীদের প্রভাব ছিল বলে তিনি অভিযোগ করেন। এ সময় ডাকসু নির্বাচন বন্ধ রাখার পাশাপাশি ক্যাম্পাসে গণরুম ও গেস্টরুমের মতো চর্চা চালু রাখার অভিযোগও তোলেন তিনি। তাঁর ভাষ্য, ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা বিএনপি ও ছাত্রদলের পুরোনো রাজনৈতিক চর্চা, যার পুনরাবৃত্তি ভোলা সরকারি কলেজেও দেখা যাচ্ছে।

 

ফরহাদ অভিযোগ করেন, ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠানটি ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজনের কথা ছিল। কিন্তু কর্মসূচি বানচাল করতে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হওয়ার পরিবর্তে ছাত্রদল শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন একটি সংগঠনে পরিণত হচ্ছে। বিভিন্ন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হওয়ার ঘটনাও উদ্বেগজনক। সন্ত্রাসী আচরণের কারণে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের কল্যাণে আয়োজিত অনুষ্ঠানটি ক্যাম্পাসে করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডাকসুর জিএস বলেন, সংসদে গণতন্ত্রের কথা বলার পাশাপাশি ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার হরণের রাজনীতিও বন্ধ করতে হবে। অন্যথায় তরুণেরা এই রাজনৈতিক দ্বিচারিতাকে ভণ্ডামি হিসেবে বিবেচনা করবে। শিক্ষার্থীদের গণতন্ত্রের কথা বলে ক্যাম্পাসে তাদের ভোট ও মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিন সভাপতিত্ব করেন। এ সময় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসানসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:১৩ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ