সোমবার ● ১২ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে লেনদেন নয়, বাবুগঞ্জ প্রশাসনের সতর্কবার্তা

হোম » বরিশাল » ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে লেনদেন নয়, বাবুগঞ্জ প্রশাসনের সতর্কবার্তা
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬


 

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে লেনদেন নয়, বাবুগঞ্জ প্রশাসনের সতর্কবার্তা

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

 

ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ধরনের প্রতারণা থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দাদের সতর্ক করতে ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মাইকিং, সংবাদ সম্মেলন এবং জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানো হবে।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের নামে কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। একই সঙ্গে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের কোনো ধরনের সুবিধা বা আপ্যায়ন গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) বেলা দুইটায় বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, কেউ ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চাইলে তাতে সাড়া দেওয়া যাবে না। জেনেশুনে কাউকে টাকা দিয়ে প্রতারিত হলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।

 

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে ইউএনও বলেন, তাঁদের কোনো ধরনের সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। এ কাজে কেউ চাপ প্রয়োগ করলে বা কোনো সমস্যার সৃষ্টি হলে উপজেলা প্রশাসনকে জানাতে হবে।

 

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগ সফল করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সংবাদ সম্মেলনে বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্র শাহা এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন সিকদার।

 

এ ছাড়া সাংবাদিক, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৯:৩৭ ● ২৮ বার পঠিত