রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
পিরোজপুরে মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
হোম » পিরোজপুর » পিরোজপুরে মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরে মাদকদ্রব্যের বিস্তার ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে কঠোর নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
রবিবার (১১ অক্টোবর) সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পিরোজপুর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও জনসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মতিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:২৭:২৩ ● ২০ বার পঠিত
