রবিবার ● ১১ অক্টোবর ২০২৬

বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

হোম » পটুয়াখালী » বাউফলে ঘরের মাচা ভেঙে লাকড়ির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু
রবিবার ● ১১ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবিটি সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে ঘরের মাচায় রাখা প্রায় ৫০ মণ লাকড়িসহ মাচা ভেঙে পড়ে চাম্পা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের সোনাবরু এলাকার সরদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত চাম্পা বেগম ওই এলাকার মীর হোসেন সরদারের স্ত্রী। তাঁদের দুই ছেলে রয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে নিজের ঘরের পাশেই খালা-শাশুড়ির ঘরে যান চাম্পা বেগম। সেখানে ঘরের মাঝখানে রাখা একটি চৌকিতে শুয়ে পড়েন তিনি। এ সময় ঘরের মালিক বাড়ির উঠানে কাজ করছিলেন। এর মধ্যে ঘরের মাচায় রাখা প্রায় ৫০ মণ লাকড়িসহ মাচাটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে লাকড়ির নিচে চাপা পড়েন চাম্পা বেগম।

 

তাঁর ওপর লাকড়ি পড়ে যাওয়ার খবর পেয়ে খালা-শাশুড়িসহ পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে লাকড়ি সরিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

চাম্পা বেগমের স্বামী মীর হোসেন সরদার বলেন, ‘ঘটনার সময় বাড়িতে ছিলাম না। স্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি, আমার স্ত্রী আর বেঁচে নেই।’

 

নিহতের খালা-শাশুড়ি বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ির উঠানে কাজ করছিলাম। এমন সময় একজন এসে বলেন, আমার ঘর ভেঙে পড়েছে। দৌড়ে এসে দেখি, মাচার ওপর রাখা লাকড়িগুলো মাচাসহ ভেঙে ওই বউয়ের ওপর পড়েছে।’

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৫ ● ২৬ বার পঠিত